বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : ত্রিপুরার ধর্মনগরের পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে মহাষ্টমীর রাতে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত দুই ভাই হলেন শুভদীপ রায় চৌধুরী (২৮) ও জয়দীপ রায় চৌধুরী (২২)। এই জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে বিজন দাসকে চিহ্নিত করা হয়েছে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সামান্য বাকবিতণ্ডা, পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে অভিযোগ। সংঘর্ষে দুই ভাই গুরুতরভাবে আক্রান্ত হন এবং পরবর্তীতে তাঁদের মৃত্যু হয়। ঘটনায় বিজন দাস নামে এক ব্যক্তিও গুরুতর আহত হন। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের বাবা সমীরণ রায় চৌধুরী বিজন দাস ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, আহত বিজন দাসের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় বিবেক বর্ধন ও আকাশ দাস নামে আরও দুই যুবকের নাম উঠে আসছে বলে জানা গিয়েছে। তবে ঘটনার সঙ্গে তাঁদের জড়িত থাকার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম দেওয়ানপাশা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও উঠেছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। সংঘর্ষের প্রকৃত কারণ, ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের ভূমিকা এবং অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।



