শ্রীভূমিতে বর্ণাঢ্য ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ মোদির ২৫ বছরের জনসেবা স্মরণে কর্মসূচি

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : ‘সেবা, সংকল্প ও দেশ সর্বাগ্রে’—এই বার্তাকে সামনে রেখে বুধবার শ্রীভূমিতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবার ২৫ বছরের পথচলা স্মরণে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে নীলমণি স্কুলের খেলার মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিজেপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতেও কর্মসূচিতে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বড় পর্দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য সম্প্রচার। উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ মনোযোগ সহকারে তাঁর বক্তব্য শোনেন। পরে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বক্তব্য রাখেন। তিনি প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবামূলক ও রাজনৈতিক পথচলার বিভিন্ন দিক তুলে ধরে কর্মী-সমর্থকদের মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

এরপর বক্তব্য রাখেন বিধায়ক বিজয় মালাকার। তিনিও ‘সেবা, সংকল্প ও দেশ সর্বাগ্রে’—এই ভাবনার ওপর গুরুত্ব আরোপ করেন।

বক্তব্য পর্ব শেষে শুরু হয় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’। হাতে কলশ নিয়ে মহিলা-পুরুষসহ দলীয় নেতা-কর্মীরা পদযাত্রায় অংশ নেন। নীলমণি স্কুলের মাঠ থেকে শুরু হওয়া যাত্রা ড. বিআর অম্বেদকর মূর্তি সংলগ্ন পার্কে গিয়ে শেষ হয়। সেখানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। সাংসদ, বিধায়কসহ বিজেপির অন্যান্য নেতারাও শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে সাংসদ কৃপানাথ মালা, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব, করিমগঞ্জ বিজেপির প্রভারী তথা শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শ্রীভূমি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য, মহিলা নেত্রী শীপ্রা গুণ, জেলা পরিষদ চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠীসহ বিজেপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *