হাইলাকান্দিতে নির্মাণাধীন সেতু ভেঙে পড়ায় চাঞ্চল্য, কড়া তদন্ত হবে জানালেন মিলন দাস

Spread the news

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : হাইলাকান্দিতে নির্মাণাধীন একটি পাকা সেতু ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মোহনপুর বেড়াখাল নদীর উপর প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মাণ সেতুটি আচমকাই ভেঙে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পাশাপাশি নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকালই সেতুটির ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছিল। কিন্তু ঢালাইয়ের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেতুটির বড় অংশ ভেঙে পড়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এই বিপর্যয় ঘটেছে। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদার রাজু চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি ও গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত কারণ চিহ্নিত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক মিলন দাসও। তিনি বলেন, সেতু নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজে এমন ঘটনা অত্যন্ত গুরুতর বিষয়। “সেতু ভেঙেছে, কড়া তদন্ত হবে। কোথায় ছিলেন ইঞ্জিনিয়াররা?”—প্রশ্ন তুলে নির্মাণকাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

ঘটনার পর সেতু নির্মাণের গুণগত মান, ব্যবহৃত সামগ্রী এবং সংশ্লিষ্ট দফতরের তদারকি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। দ্রুত তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *