ফ্লাইওভার বাতিল, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত পুরো রাস্তা ফোর-লেনের দাবি ডিমান্ড কমিটির

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : শিলচর শহরে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রস্তাবিত মূল ফ্লাইওভার বাতিলের পর এবার ওই সম্পূর্ণ সড়কপথ সমানভাবে ফোর-লেন করার দাবি জানাল ফ্লাইওভার ইমপ্লিমেন্টেশন ডিমান্ড কমিটি, শিলচর। এ ব্যাপারে পূর্ত বিভাগ (সড়ক)-এর মুখ্য বাস্তুকারকে চিঠি দিয়েছে সংগঠনটি। শিলচর ডিভিশনের কার্যবাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগের মাধ্যমে ওই চিঠি পাঠানো হয়েছে

চিঠিতে কমিটি উল্লেখ করেছে, গত ২০ নভেম্বর ২০২৬ কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক এবং পরবর্তী প্রকাশ্য ঘোষণায় শিলচরের জন্য সংশোধিত পরিকল্পনার কথা জানানো হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত মূল ফ্লাইওভার প্রকল্প বাতিল করে তার পরিবর্তে ক্যাপিটাল পয়েন্ট ও রাঙ্গিরখাড়িতে দুটি ছোট ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি ফোর-লেন সড়ক তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে কমিটির মতে, মূল ফ্লাইওভার বাতিলের পর ওই সম্পূর্ণ করিডরকে সমানভাবে ফোর-লেনে রূপান্তর করাই হবে অধিক যুক্তিসংগত সিদ্ধান্ত। দুই প্রান্তে পৃথক দুটি ছোট ফ্লাইওভার নির্মাণের পরিবর্তে সেগুলির জন্য প্রস্তাবিত অংশ-সহ পুরো রাস্তাকে ফোর-লেন করা হলে যান চলাচল আরও মসৃণ ও নিরবচ্ছিন্ন হবে।

কমিটির বক্তব্য, দুই প্রান্তে দু’টি ছোট ফ্লাইওভার রেখে মাঝের অংশ সরু অবস্থায় থাকলে সংযোগস্থলে যানজট, বটলনেক এবং নতুন করে যানজটের কেন্দ্র তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে শহরের সবচেয়ে সমস্যাসংকুল মধ্যবর্তী অংশের যানজট নিরসন হবে না। অন্যদিকে, বিচ্ছিন্নভাবে ফ্লাইওভার নির্মাণের তুলনায় সম্পূর্ণ করিডর ফোর-লেন করা অপেক্ষাকৃত সহজ, দ্রুত, ব্যয়সাশ্রয়ী এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও সুবিধাজনক হবে।

চিঠিতে আরও স্পষ্ট করা হয়েছে, ফোর-লেন সড়ক নির্মাণ বলতে শুধুমাত্র পিচঢালা রাস্তার প্রস্থ বাড়ানো বোঝায় না। আইআরসি এসপি:৮৪ এবং আইআরসি:৮৬-এর নির্দেশিকা অনুযায়ী, একটি যথাযথ ফোর-লেন সড়কের জন্য নির্দিষ্ট পরিকাঠামোগত মাপকাঠি পূরণ করা জরুরি। সেই অনুযায়ী চারটি লেনের ক্যারেজওয়ের প্রস্থ হওয়া উচিত ৪৬ ফুট, অর্থাৎ প্রতিটি লেন ১১.৫ ফুট। পেভড শোল্ডার, মাটির শোল্ডার ও মিডিয়ান-সহ মোট ফরমেশন প্রস্থ হওয়া প্রয়োজন ৮৫ থেকে ৮৯ ফুট। পাশাপাশি ড্রেন, ফুটপাথ, ইউটিলিটি পরিষেবা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের কথা বিবেচনা করে সম্পূর্ণ রাইট অব ওয়ে-র প্রস্থ হওয়া উচিত ১৪৮ ফুট।

কমিটির দাবি, বর্তমানে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ট্রাঙ্ক রোড তথা সেন্ট্রাল রোডের বিভিন্ন অংশে রাস্তার প্রস্থ মাত্র ৩০ থেকে ৪০ ফুট। বিশেষ করে প্রেমতলা, সেন্ট্রাল রোড এবং গোপীনাথ সিনেমা হল সংলগ্ন মধ্যবর্তী এলাকায় যানজটের সমস্যা সবচেয়ে বেশি। অথচ দুই প্রান্তে ছোট ফ্লাইওভার নির্মাণ করা হলে এই গুরুত্বপূর্ণ অংশের যানজটের সমস্যা থেকেই যাবে। তাই প্রস্তাবিত ছোট ফ্লাইওভারের অংশ-সহ সম্পূর্ণ সড়কপথকে ফোর-লেনে উন্নীত করার দাবি জানিয়েছে তারা।

কমিটি জানিয়েছে, যানজট নিরসনে কার্যকর যে কোনও উদ্যোগকে তারা স্বাগত জানায়। তবে প্রকল্প চূড়ান্ত করার আগে সম্পূর্ণ করিডরের পরিকল্পনা ও প্রয়োজনীয় নথিপত্র জনসমক্ষে প্রকাশ করতে হবে। পাশাপাশি টেন্ডার প্রক্রিয়া শুরুর আগে শিলচরে একটি জনশুনানিরও দাবি জানানো হয়েছে। কমিটির মতে, এসব বিষয় নিশ্চিত করে দ্রুত পুরো সড়কপথ ফোর-লেনে উন্নীত করার কাজ শুরু করা জরুরি।
চিঠিতে ফ্লাইওভার ইমপ্লিমেন্টেশন ডিমান্ড কমিটির পক্ষে স্বাক্ষর করেছেন সভাপতি কুসুমেশু পুরকায়স্থ, কার্যকরী সভাপতি বাসুদেব শর্মা, সাধারণ সম্পাদক সন্তানু সূত্রধর এবং সম্পাদক ওখাম লখী কান্ত সিংহ। এছাড়া সদস্য হিসেবে স্বাক্ষর করেছেন রজত কান্তি আদিত্য, মৃগাঙ্ক ভট্টাচার্য, প্রদীপ ঘোষ, রাজীব নাথ, ক্ষ. উমানন্দ সিংহ, সুভাষিস রায়, বিশ্বজিৎ শর্মা ও সত্যেন্দ্র সিংহ। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে কাছাড়ের জেলা আয়ুক্ত, আসামের পূর্তমন্ত্রী এবং খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, গৃহ ও নগর বিষয়ক এবং সমবায় বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *