৯ আগস্ট : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ গাজা সিটির পশ্চিমাঞ্চলের ‘কারাম’ নামে একটি ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের লাশ উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। উদ্ধার হওয়া মৃতদের অধিকাংশই নারী ও শিশু।
চার দিন ধরে তল্লাশি চালানোর পর শনিবার ধ্বংসস্তূপ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান তদারককারী মোহাম্মদ আবু দান জানান, কারাম ভবনে চার দিনের তল্লাশি শেষে অভিযান সম্পন্ন হয়েছে। এরপর উদ্ধারকারী দল গাজা সিটির অন্য একটি এলাকায় গিয়ে নতুন করে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করবে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। ফলে সীমিত ও সাধারণ সরঞ্জাম ব্যবহার করে অনেক ক্ষেত্রেই উদ্ধারকারীদের হাতে হাতে কংক্রিট ও ধ্বংসাবশেষ সরিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করতে হচ্ছে। এতে উদ্ধারকাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখনো ৮ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। যুদ্ধের ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে তাদের অবস্থান শনাক্ত করা এবং মরদেহ উদ্ধার করা উদ্ধারকারী দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এর আগে চলতি সপ্তাহেই গাজা সিটির সাবরা এলাকায় ২০২৩ সালের হামলায় নিহত একই পরিবারের ১১২ জনের মরদেহ দীর্ঘ সময় পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে দাফন করা হয়।
সূত্র: আলজাজিরা, আনাদোলু ও রয়টার্স।



