গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই লক্ষ্য : পরিমল

Spread the news

তিনটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করলেন সাংসদ

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য শনিবার বড়খলা বিধানসভা এলাকার তিনটি গ্রাম পঞ্চায়েতে মোট ২০ লক্ষ টাকা ব্যয়ে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন। সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল (MPLADS) ২০২৪–২৫ অর্থবর্ষের আওতায় এই প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছে।

চাতলা-দরগাকোণা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে যতন দাসের বাড়ি থেকে সঞ্জয় চক্রবর্তীর বাড়ি পর্যন্ত সিসি ব্লক রাস্তা নির্মাণের শিলান্যাস করেন সাংসদ। পাশাপাশি শিলকুড়ি বরমবাবা গ্রাম পঞ্চায়েতের বারিকনগর কালীমন্দির প্রাঙ্গণে সীমানা প্রাচীর নির্মাণ এবং শিলডুবি গ্রাম পঞ্চায়েতের মেণিপুর দ্বিতীয় খণ্ডের ঐতিহ্যবাহী মণিপুর কালীবাড়িতে একটি নতুন সাংস্কৃতিক ভবন নির্মাণের কাজেরও শিলান্যাস করা হয়। মেণিপুর দ্বিতীয় খণ্ডে সফরকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন পরিমল শুক্লবৈদ্য। এ সময় তিনি প্রত্যন্ত এলাকার উন্নয়ন এবং মৌলিক পরিকাঠামোর সম্প্রসারণে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনে। তিনি জানান, MPLADS-এর ২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবর্ষে শিলচর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় মোট ১৫৩টি উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৭৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে। অনুমোদিত প্রকল্পগুলির কাজ পর্যায়ক্রমে শুরু হয়েছে। পরিমল শুক্লবৈদ্য আরও বলেন, স্থায়ী জনসম্পদ সৃষ্টি, গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন এবং নাগরিক পরিষেবার সম্প্রসারণের মাধ্যমে শিলচর লোকসভা কেন্দ্রের প্রতিটি গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির চাতলা মণ্ডল সভাপতি মানব সিং, জেলা পরিষদ সদস্যা সরস্বতী রবিদাস, তাপাং ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি হরেন্দ্র দাস-সহ বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তা, পঞ্চায়েত প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *