হিজাব পরাকে কেন্দ্র করে কাছাড় কলেজে ABVP-NSUI সংঘর্ষ, আহত কয়েকজন

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : হিজাব পরাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিলচরের কাছাড় কলেজ। মঙ্গলবার কলেজ চত্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং এনএসইউআই-র সদস্যদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, কলেজে NSUI-এর একটি যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। অভিযোগ, ওই কর্মসূচিতে বাধা দেওয়ার পাশাপাশি হিজাব পরিহিত এক ছাত্রীকে নিয়ে আপত্তি তোলাকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে সেই বচসাই হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই পক্ষের সদস্যদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তাকর্মীরা।
ঘটনায় আহত কয়েকজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের পর কলেজ চত্বরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে ABVP ও NSUI—দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে সংঘর্ষের প্রকৃত কারণ এবং কারা প্রথমে হামলা চালিয়েছিল, তা নিয়ে তদন্ত চলছে। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সে বিষয়ে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *