১৩ সেপ্টেম্বর : ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে নিখোঁজ হয়েছে একটি যাত্রীবাহী জাহাজ। পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের উদ্দেশে যাওয়ার পথে জাভা সাগরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার উদ্ধার অভিযান।
দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্ধারকারী দল জানিয়েছে, ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জাভা সাগরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল। ওই সময় জাহাজটি বানজারমাসিন থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে ছিল। জাহাজটি ডুবে গিয়েছে, নাকি অন্য কোনও দুর্ঘটনার কবলে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। ফলে যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বানজারমাসিন রেসকিউ এজেন্সির অপারেশন প্রধান আরিয়ান্তো আরদি জাহাজ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটির সন্ধানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে জাভা সাগরে জাহাজটির সর্বশেষ অবস্থান এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় প্রশাসনের দাবি, সমুদ্রযাত্রার সময় জাহাজটি সমস্যায় পড়েছিল বলে নাবিক ট্রান্সমিটারের মাধ্যমে বারবার বার্তা পাঠাচ্ছিলেন। সেই সময় জাভা সাগর ছিল উত্তাল। প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যেই জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জাহাজ কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। বর্তমানে নিখোঁজ জাহাজ ও যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।



