রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে ছিলেন সিদ্দেক আহমদ : হিমন্ত বিশ্ব শর্মা

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : প্রাক্তন মন্ত্রী তথা করিমগঞ্জ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চারবারের বিধায়ক সিদ্দেক আহমদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী প্রয়াত নেতার জনসেবা ও বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, বহু বছরের সহকর্মী ও প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদের অকাল প্রয়াণের সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত। রাজনীতির ঊর্ধ্বে তাঁদের বন্ধুত্বের নানা স্মৃতি এদিন বারবার মনে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি। প্রয়াত নেতার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

তিনি আরও বলেন, অসম সরকারের প্রাক্তন মন্ত্রী এবং তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী সিদ্দেক আহমদের প্রয়াণে তিনি অত্যন্ত শোকাহত। একজন জনদরদী বিধায়ক হিসেবে সিদ্দেক আহমেদ সবসময় মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন। দায়িত্বশীল মন্ত্রী হিসেবেও তিনি তাঁর উপর অর্পিত দফতর অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পরিচালনা করেছিলেন।

তবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সিদ্দেক আহমদ ছিলেন একজন অসাধারণ মানুষ। তিনি সম্পর্কের মূল্য বুঝতেন এবং সকলের প্রতি সহানুভূতিশীল ছিলেন। রাজনীতির বাইরে তাঁদের মধ্যে ছিল গভীর বন্ধুত্বের সম্পর্ক। জীবনের কঠিন সময়গুলোতেও তাঁরা একে অপরের পাশে দাঁড়িয়েছেন বলে স্মরণ করেন মুখ্যমন্ত্রী।

সিদ্দেক আহমদের প্রয়াণে শুধু শ্রীভূমির সামাজিক জীবনেই নয়, অসমের প্রশাসনিক মহলেও গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই কঠিন সময়ে অনিমা ভাবী ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। সবশেষে প্রয়াত সিদ্দেক আহমেদের আত্মার চিরশান্তি কামনা করেন ড. হিমন্ত বিশ্ব শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *