হিমন্তের নেতৃত্বে উন্নয়নের প্রশংসা সুস্মিতার

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ জুন : তৃণমূল কংগ্রেস ত্যাগের পর প্রথমবারের মতো শিলচরে এসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য তথা বরাক উপত্যকায় সংঘটিত উন্নয়নের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। বৃহস্পতিবার শিলচরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুস্মিতা দেব বলেন, গত এক দশকে বরাক উপত্যকার সামগ্রিক চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তাঁর দাবি, দশ বছর আগের বরাক এবং বর্তমান বরাকের মধ্যে বিস্তর পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে বিজেপি সরকার বরাক উপত্যকাসহ সমগ্র অসমে ব্যাপক উন্নয়ন সাধন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা দেব সরাসরি কোনও সময়সীমার কথা উল্লেখ করেননি। তবে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপরই নির্ভর করছে।

একইসঙ্গে ভবিষ্যতে বরাক উপত্যকাকেই নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার ইঙ্গিত দেন তিনি। সুস্মিতা দেব জানান, বরাকের মানুষের সঙ্গে থেকেই আগামী দিনে রাজনীতি করতে চান তিনি। পাশাপাশি বরাক উপত্যকার যে কোনও বিধানসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও প্রস্তুত বলে স্পষ্ট জানান প্রাক্তন এই সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *