উত্তর কৃষ্ণপুরের সুধারানি বিন্দু বিহারী কর এলপি স্কুলে ‘রোটারি হ্যাপি স্কুল’ উদ্বোধন

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুন : শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের কাবিয়ুরাস্থিত সুধা রাণী বিন্দু বিহারী কর এলপি স্কুলকে ‘রোটারি হ্যাপি স্কুল’ হিসেবে গড়ে তুলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। রোটারি ইন্টারন্যাশনালের ‘হ্যাপি স্কুল’ প্রকল্পের আওতায় বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা, ছাত্রীদের জন্য পৃথক শৌচাগার, একটি লাইব্রেরি কর্নার, শিক্ষকদের জন্য চেয়ার, শিক্ষার্থীদের জন্য খাতা এবং বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয় ভবনের রং-রোগান এবং দেয়ালে শিক্ষামূলক ও আকর্ষণীয় কার্টুন চিত্র অঙ্কনের মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে আরও আকর্ষণীয় ও শিক্ষাবান্ধব করে তোলা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি ডা. রজত দেব, মঙ্গীলাল সুরানা, দিলীপকুমার বিনায়ক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম লস্কর যৌথভাবে প্রকল্পটির সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ পুলক দাস, সৌম্যজিৎ বিশ্বাস, ডাঃ জুরি শর্মা এবং রোটারি আরসিসি যুব দর্পণের সম্পাদক দিলু দাসসহ অন্যান্য সদস্যরা।

এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম লস্কর, শিক্ষিকা শান্তা কর দত্ত, শিক্ষক এসকে আবুল ফারুক, শিক্ষিকা ববলি পাল এবং শিক্ষিকা সাজিদা সোদিয়ালকে বিদ্যালয়ের শিক্ষা ও সমাজসেবামূলক অবদানের স্বীকৃতি হিসেবে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। রোটারি ক্লাবের কর্মকর্তারা জানান, সুবিধাবঞ্চিত ও প্রয়োজনীয় সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছে উন্নত শিক্ষার সুযোগ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে। বিদ্যালয়ভিত্তিক এই প্রকল্প শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *