ছেলেধরা সন্দেহে অভি-নীল হত্যাকাণ্ডের চূড়ান্ত রায়, ২০ জনকে যাবজ্জীবন

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : বহুল আলোচিত অভি-নীল হত্যাকাণ্ডের দোষীদের শাস্তি আজ ঘোষণা করা হয়েছে। নগাঁও জেলা ও দায়রা আদালত ২০ জন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করার পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আজ আদালত এই গুরুত্বপূর্ণ রায় ও শাস্তি ঘোষণা করে।

এর আগে, ২০ এপ্রিল একই আদালত ২০ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ জুন ডকমকা এলাকার পাণজুরি গ্রামে সংঘটিত হয় এই বর্বর হত্যাকাণ্ড, যা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। কার্বি আংলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে দুই যুবক নীলোৎপল দাস ও অভিজিৎ নাথ উন্মত্ত জনতার আক্রমণের শিকার হন। প্রাণভিক্ষা চেয়েও তারা রেহাই পাননি এবং নৃশংস প্রহারে নিহত হন। নীলোৎপল দাস পেশায় একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন এবং গোয়ার একটি স্টুডিওতে কাজ করতেন। গুয়াহাটি থেকে নিজের বাড়িতে এসে বন্ধু ও ব্যবসায়ী অভিজিৎ নাথকে নিয়ে কার্বি আংলং ভ্রমণে গিয়েছিলেন। কাঞ্চি লাংচো থেকে ফেরার পথে কিছু লোক তাদের গাড়ি থামিয়ে ‘ছেলেধরা’ সন্দেহে নির্মমভাবে আক্রমণ করে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখানে নীলোৎপল দাসকে নিজের পরিচয় দিয়ে সাহায্যের আবেদন জানাতে শোনা যায়। কিন্তু সেই আর্তি উপেক্ষা করে উন্মত্ত জনতা তাদের উপর হামলা চালায়।

ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ৪৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। এর মধ্যে ৩ জন নাবালক হওয়ায় তাদের আলাদাভাবে বিবেচনা করা হয়। এক মাসের মধ্যেই পুলিশ প্রায় ৮০০ পৃষ্ঠার চার্জশিট জমা দেয়। বহু বছর ধরে শুনানির পর অবশেষে আজ এই মামলার রায় ঘোষণা হলো। এখন সকলের নজর আগামী ২৪ এপ্রিলের দিকে, যেদিন দোষী সাব্যস্ত ২০ জনের শাস্তি ঘোষণা করা হবে। অভি-নীলের পরিবারসহ সমগ্র অসমবাসী সেই দিনের অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *