বরাক তরঙ্গ, ৪ আগস্ট : দ্বিতীয় বিয়ে করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন অসম পুলিশের কনস্টেবল হাবিবুল ইসলাম। তিনি দক্ষিণ শালমারা থানায় কর্মরত ছিলেন। জানা গেছে, প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে প্রথমে হাবিবুল ইসলামকে রিজার্ভ ক্লোজ করা হয়। এরপর বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অসম পুলিশের নিয়ম লঙ্ঘন এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কনস্টেবল হাবিবুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এই ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় নিয়মবহির্ভূতভাবে দ্বিতীয় বিয়ের অভিযোগে নেওয়া এই কঠোর পদক্ষেপকে শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।



