বরাক তরঙ্গ, ১৩ জুন : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত, সংশোধন ও প্রকাশের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে অসম রাজ্য নির্বাচন কমিশন। অসম পুর নিগম আইন, ২০২২-এর আওতায় শিলচর পুর নিগম গঠনের পরিপ্রেক্ষিতে কমিশন এই বিজ্ঞপ্তি জারি করেছে।
৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত শিলচর পুর নিগমের প্রতিটি ওয়ার্ডের জন্য অসম পুর নিগম নির্বাচন বিধি, ২০২২ অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতের কাজ সম্পন্ন করা হবে। ঘোষিত সূচি অনুসারে আগামী ২৯ জুন ২০২৬ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকার উপর নাগরিকরা ৬ জুলাই পর্যন্ত দাবি ও আপত্তি দাখিল করতে পারবেন। জমা পড়া দাবি-আপত্তির নিষ্পত্তির শেষ দিন ১৩ জুলাই নির্ধারণ করা হয়েছে। এরপর ১৫ জুলাই ২০২৬ শিলচর পুর নিগমের সমস্ত ওয়ার্ডের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসরণ করে শুক্রবার শিলচর জেলা আয়ুক্ত কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে নিবন্ধন আধিকারিকদের (আরও) জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত কর্মকর্তাদের ভোটার তালিকা প্রস্তুতি ও সংশোধন সংক্রান্ত আইনগত বিধান, নির্ধারিত পদ্ধতি এবং দায়িত্ব সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন কাছাড় জেলার জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়, এসিএস এবং জেলা নির্বাচন আধিকারিক মাসি টপনো, এসিএস। তাঁরা পুর নির্বাচনের জন্য একটি নির্ভুল, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়নের গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন।
জানা গেছে, ভোটার তালিকা প্রস্তুতকরণ, সংশোধন ও প্রকাশের পুরো প্রক্রিয়া অসম পুর নিগম নির্বাচন বিধি, ২০২২-এর বিধি ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ অনুযায়ী সম্পন্ন হবে। ১ জানুয়ারি ২০২৬-কে যোগ্যতার নির্ধারিত তারিখ হিসেবে ধরে কার্যকর বিধানসভা ভোটার তালিকার ভিত্তিতে এই নতুন তালিকা প্রস্তুত করা হবে।
এছাড়া, শিলচর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের জন্য নিবন্ধন আধিকারিক নিয়োগ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তিও জারি করেছে অসম রাজ্য নির্বাচন কমিশন। নাগরিকদের খসড়া ভোটার তালিকায় নিজেদের তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করার এবং কোনও অসঙ্গতি বা সংশোধনের প্রয়োজন হলে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বা আপত্তি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কমিশনের মতে, এর মাধ্যমে আসন্ন পুর নির্বাচনের জন্য একটি নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা নিশ্চিত করা সম্ভব হবে।



