মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৩ জুন : অসম-ত্রিপুরা সীমান্তের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের তল্লাশিতে ফের উদ্ধার হলো বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ। শুক্রবার দুপুরে একটি পণ্যবাহী কন্টেনার গাড়িতে অভিযান চালিয়ে ২২৫ বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। এ ঘটনায় গাড়ির চালক উমেশ বর্মণ (৪০)-কে গ্রেফতার করে এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃত চালক রঙিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়া AS-01-AC-5016 নম্বরের ছয় চাকার কন্টেনারটি চুরাইবাড়ি ওয়াচপোস্টে পৌঁছালে কর্তব্যরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। এরপর গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় অনলাইন পণ্যসামগ্রীর আড়ালে লুকিয়ে রাখা একটি কাঠের বাক্স থেকে ২২৫ বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়।
গেট ইনচার্জ নিরঞ্জন দাস জানান, সীমান্ত এলাকায় মাদক ও নেশাজাতীয় দ্রব্য পাচার রুখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই একই চুরাইবাড়ি চেকগেটে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপসহ এক চালককে আটক করা হয়েছিল। পরপর দু’টি সফল অভিযানে সীমান্তে পুলিশের কড়া নজরদারি ও মাদকবিরোধী তৎপরতার কার্যকারিতা আরও স্পষ্ট হয়েছে।



