কাটিগড়া হেরোইনসহ দুই পাচারকারী গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : কাছাড় জেলার কাটিগড়া থানার পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য এসেছে। সোমবার ৬ নম্বর জাতীয় সড়কের কাটিগড়া চৌরঙ্গী এলাকায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১০টি প্যাকেটে থাকা মোট ১২৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। পাশাপাশি দু’টি মোবাইল ফোন এবং AS-07-Q-9101 নম্বরের একটি সুইফট গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযানে দুই অভিযুক্ত মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল তেজপুরের বাসিন্দা বাহারুল ইসলাম এবং শোণিতপুরের আমিনুল হোসেন।

অভিযান পরিচালনা করেন কাটিগড়া থানার ওসি নবকুমার শইকিয়া। তাঁর নেতৃত্বে এসআই সামান আলি মজুমদার, এসআই জ্যোতিষ নাথসহ থানার একটি বড় পুলিশ দল অভিযানে অংশ নেয়। গোপন তথ্যের ভিত্তিতেই অভিযানে এই সাফল্য মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ১৫ দিনের মধ্যে এটি কাটিগড়া পুলিশের তৃতীয় বড় মাদকবিরোধী অভিযান। ধারাবাহিক অভিযানের মাধ্যমে মাদক পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে। বর্তমানে ধৃত দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে এই পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *