বৈঠকের নামে ডেকে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ, বিধায়কের বিরুদ্ধে এফআইআরের দাবি

Spread the news

১৩ সেপ্টেম্বর : উত্তর-পশ্চিম দিল্লির কানঝাওয়ালা এলাকায় বিজেপির মণ্ডল সভাপতি সুনীলকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক গজেন্দ্র দারালের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকের কথা বলে তাঁকে দলীয় কার্যালয়ে ডাকা হয় এবং সঙ্গে ভোটার তালিকা আনতে বলা হয়েছিল বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, কার্যালয়ে পৌঁছানোর পর সুনীলকে আটকে রেখে রাতভর পাইপ, লাঠি ও বেল্ট দিয়ে মারধর করা হয়। ঘটনার সময় কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া এবং দরজা ভিতর থেকে বন্ধ রাখারও অভিযোগ উঠেছে। পাশাপাশি তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও জাতিগতভাবে অপমান করা হয়েছে বলেও পরিবারের দাবি।

সুনীলের ভাই বিজয়ের দাবি, ঘটনার পর তাঁর কাছে কয়েকটি ছবি ও ভিডিও এসেছে। সেগুলিতে সুনীলের শরীরে মারধরের চিহ্ন রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

https://x.com/ImAvdheshkumar/status/2098753051968639247

পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযোগপত্র ও চিকিৎসা সংক্রান্ত নথি নিয়ে থানায় গেলেও এখনও এফআইআর দায়ের করা হয়নি। তাঁদের আরও দাবি, অভিযুক্ত পক্ষের লোকজন বাড়িতে এসে আপসের জন্য চাপ দিচ্ছেন এবং হুমকিও দিচ্ছেন। পরিবারের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ধারায় মামলা এবং গ্রেফতারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে, অভিযোগের প্রকৃতি অনুযায়ী এসসি/এসটি আইনের ধারাও প্রয়োগের দাবি উঠেছে। অবধেশ কুমার এক্স হ্যান্ডেলে সুনীল বয়ান তুলে ধরেন।

তবে অভিযোগগুলির বিষয়ে বিজেপি বিধায়ক গজেন্দ্র দারালের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলির স্বাধীনভাবে যাচাই এখনও সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *