দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : শিলচর ফুডগ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ শালচাপড়া ও ভাঙ্গা রেলওয়ে ইয়ার্ডে সরেজমিন পরিদর্শন করেন। তিনি চলমান পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখে রেলওয়ে বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ ২১ কোটি টাকার আওতায় লেবার শেড, শৌচালয় নির্মাণসহ একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। তবে কাজের ধীরগতিকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেন অ্যাসোসিয়েশনের সদস্য ও ট্রাক মালিক সমিতির প্রতিনিধিরা। তাদের অভিযোগ শোনার পর সাংসদ উত্তর-পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন। পরবর্তীতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন এবং আগামী ছয় মাসের মধ্যে সমস্ত কাজ শেষ করতে কড়া হুঁশিয়ারি দেন। পাশাপাশি তিনি জানান, প্রয়োজনে বিষয়টি কেন্দ্রীয় রেলমন্ত্রীর নজরেও আনা হবে।

অন্যদিকে, অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব পাল চৌধুরী ও প্রাক্তন সভাপতি অসিত দত্ত সাংবাদিকদের জানান, ২০২৪ অর্থবছরে পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও কাজের অগ্রগতি না হওয়ার জন্য রেলওয়ে বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের গাফিলতিই দায়ী। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।
এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পঙ্কজ জৈন, সহ-সভাপতি পবন জৈন, উপ-সভাপতি প্রকাশ রাঠি সহ অন্যান্য সদস্যরা।



