মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবা, সুশাসন ও উন্নয়নের যাত্রা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে দেশজুড়ে পালিত হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। এই অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় শ্রীভূমি জেলার পাথারকান্দিতে পরিবেশিত হলো ‘নমো সেবা—অকথিত কাহিনী’ শীর্ষক এক ব্যতিক্রমী পথনাটিকা। নাটকের মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় আসা পরিবর্তনের চিত্র তুলে ধরেন শিল্পীরা।
রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের সাবলীল অভিনয় ও বাস্তবধর্মী উপস্থাপনা দর্শকদের নজর কাড়ে।
গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল লক্ষ্য হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিগত আড়াই দশকে সেবা, সুশাসন ও উন্নয়নের বিভিন্ন দিক সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই পথনাটিকায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুফল ও মানুষের জীবনে তার প্রভাব তুলে ধরা হয়।
নাটকের বিভিন্ন দৃশ্যে উঠে আসে উজ্জ্বলা যোজনার মাধ্যমে দরিদ্র পরিবারের রান্নাঘরে এলপিজি গ্যাস সংযোগ পৌঁছে দেওয়ার চিত্র। পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে শূন্য ব্যালান্সে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা এবং প্রত্যন্ত এলাকার বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে চালু হওয়া ‘জল জীবন মিশন’-এর বিষয়টিও অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন শিল্পীরা।

শুধু সরকারি প্রকল্পের বিবরণ নয়, বরং সময়ের সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কীভাবে পরিবর্তন এসেছে, বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ কীভাবে জীবনযাত্রাকে সহজ করেছে, সেই বাস্তব অভিজ্ঞতাই ছিল পথনাটিকার মূল আকর্ষণ। সহজ ভাষা, প্রাণবন্ত অভিনয় ও বাস্তব জীবনের নানা ঘটনার সমন্বয়ে দর্শকদের সামনে উন্নয়নের বার্তা তুলে ধরেন নাট্যদলের সদস্যরা।
পথনাটিকা দেখে মুগ্ধতা প্রকাশ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শিল্পীদের পরিবেশনার প্রশংসা করে তিনি জানান, অত্যন্ত সুন্দরভাবে নাটকের মাধ্যমে দেশের উন্নয়ন, সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এবং সরকারি প্রকল্পগুলির সুফল তুলে ধরা হয়েছে। এই ব্যতিক্রমী পরিবেশনা তাঁকে অভিভূত করেছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নাটকের সঙ্গে যুক্ত সমস্ত শিল্পী ও কলাকুশলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মন্ত্রী।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সৃজনশীল সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরকারি সুযোগ-সুবিধা ও জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে আরও সচেতন হবেন। পাশাপাশি সমাজের সর্বস্তরে উন্নয়ন ও জনসেবার বার্তা পৌঁছে দিতে এই ধরনের পথনাটিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি মনে করেন।
উল্লেখ্য, ‘সেবা সংকল্প অভিযান’-এর অধীনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির মাধ্যমে সেবা, সুশাসন ও উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় পাথারকান্দিতে ‘নমো সেবা—অকথিত কাহিনী’ পথনাটিকার আয়োজন সরকারি প্রকল্পের বার্তা সাংস্কৃতিক মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক উল্লেখযোগ্য প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে।



