দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : শিলচর লোকসভা কেন্দ্রের দুঃস্থ রোগীদের মধ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার আইরংমারায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি ৩২জন উপভোক্তার হাতে চেক আনুষ্ঠানিক ভাবে তুলে দেন। অনুষ্ঠানে সাংসদ জানান, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মোট ৪ লক্ষ ৮০ হাজার টাকার ৩২টি চেক মঞ্জুর করা হয়েছে।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর নিরলস প্রচেষ্টার ফলে ইতিমধ্যেই শিলচর লোকসভা কেন্দ্রের বহু দরিদ্র রোগী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী এই তহবিলের মাধ্যমে উপকৃত হয়েছেন। ২০২৫-২৬ অর্থবছরে এই কেন্দ্রের প্রায় ২৩০০ জন উপভোক্তার হাতে ত্রাণ তহবিলের চেক পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি কাজ চালিয়ে যাবেন বলেও আশ্বাস দেন সাংসদ।
এছাড়াও তিনি উল্লেখ করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে শিলচর লোকসভা কেন্দ্রের উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই এই উন্নয়ন সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।
সাংসদ আরও বলেন, অসমে পুনরায় বিজেপি সরকার গঠিত হবে এবং ড. হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর ফলে রাজ্যের উন্নয়নের গতি আরও বাড়বে এবং এক নতুন পরিবর্তনের সূচনা হবে বলে তিনি মন্তব্য করেন।



