জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জনশান্তি, নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে হাইলাকান্দির জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ১৬৩ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। হাইলাকান্দির জ্যেষ্ঠ পুলিশ সুপারের সুপারিশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই আদেশের অধীনে, জেলা প্রশাসনের পূর্বানুমতি ব্যতিরেকে সমগ্র হাইলাকান্দি জেলাজুড়ে বেশ কয়েকটি সামাজিক ও সর্বজনীন ক্রিয়াকলাপ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ক্রিয়াকলাপের মধ্যে রয়েছ সমাবেশ, মিছিল, র্যালি, ধর্না বা জনসভা পরিচালনা করা। উপরন্তু, পূর্বানুমতি ছাড়া যেকোনো পাবলিক প্লেসে পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র হওয়া, মেলা বা প্রদর্শনীর আয়োজন করা এবং আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বা বিপজ্জনক অস্ত্র বহন করা নিষিদ্ধ। মাইক বা লাউডস্পিকার ব্যবহার করে বা না করে যেকোনও প্রকার উস্কানিমূলক, সাম্প্রদায়িক, রাষ্ট্রবিরোধী বা দেশবিরোধী বক্তব্য প্রদান বা স্লোগান দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
এই আদেশের অধীনে কিছু ছাড় প্রযোজ্য থাকবে। সমাবেশের ওপর এই নিষেধাজ্ঞা আইন প্রয়োগকারী সংস্থার কর্মী, স্কুল ও কলেজের শিক্ষার্থী বা সরকারি দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। উপাসনালয়ে আয়োজিত ধর্মীয় সমাবেশগুলোও এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে এর জন্য কর্তৃপক্ষকে পূর্বাহ্নে অবহিত করতে হবে এবং উপস্থিত সকলকে কঠোরভাবে আইনশৃঙ্খলা মেনে চলতে হবে।

এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই নির্দেশাবলী লঙ্ঘন করলে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ২২৩ ধারা বা অন্যান্য প্রযোজ্য আইনি বিধানের অধীনে শাস্তি পেতে হবে।



