মধ্যপ্রাচ্যে সংঘাতের আঁচ, সৌদির তেল পাইপলাইন বন্ধ

Spread the news

বাব এল-মানদেবের কৌশলগত এলাকায় হুতিদের নিয়ন্ত্রণে

১২ সেপ্টেম্বর: মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব এবার সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয়। ড্রোন হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন। হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সউদী কর্তৃপক্ষ।

একই সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা কৌশলগত বাব এল-মানদেব প্রণালীর পেরিম দ্বীপ এবং লোহিত সাগরের উপকূলীয় ধুবাব শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা গেছে। এর ফলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সৌদি আরবের দাবি, হামলায় ব্যবহৃত ড্রোন ইরাক থেকে উড্ডয়ন করেছিল। তবে হামলার জন্য এখনও কোনও গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে দায়ী করা হয়নি। ঘটনার পর ইরাক সরকার তদন্ত ও নিরাপত্তা অভিযান জোরদার করেছে। বাব এল-মানদেব আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই এলাকায় হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্ত হলে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, হারানো এলাকা পুনর্দখলের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেন সরকার। সংঘাতের প্রভাব ইতিমধ্যেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়েছে। বেড়েছে অপরিশোধিত তেলের দাম। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ব জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে আরও বড় প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *