উধারবন্দ জগন্নাথ সিং কলেজে আয়ুর্বেদিক স্বাস্থ্য পরীক্ষা শিবির

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : উধারবন্দ জগন্নাথ সিং কলেজে বৃহস্পতিবার রাষ্ট্রীয় সেবা যোজনা (এনএসএস)-এর উদ্যোগে এবং শিলচর আঞ্চলিক ইউনানী চিকিৎসা অনুসন্ধান সংস্থার সহযোগিতায় একটি বিনামূল্যে আয়ুর্বেদিক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরটি শুরু হয় এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। কলেজের অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহ আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানুষ প্রায়শই নিজের স্বাস্থ্যকে অবহেলা করে। এই ধরনের শিবির সাধারণ মানুষের কাছে সহজে চিকিৎসা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিবিরে অভিজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন শিলচর আঞ্চলিক ইউনানি চিকিৎসা অনুসন্ধান সংস্থার ডাঃ শাকিব আহমদ। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ প্রদান করেন। আয়ুর্বেদিক পদ্ধতিতে রোগ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত নানা দিক সম্পর্কে রোগীদের বিস্তারিতভাবে অবহিত করা হয়। শিবিরে শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় মানুষজনের মধ্যে এই শিবিরকে কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

এনএসএস-এর প্রোগ্রাম অফিসার তথা ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. শ্যাম মামুদ বড়ভূইয়া জানান, এই শিবিরের মূল উদ্দেশ্য শুধুমাত্র চিকিৎসা সেবা প্রদান নয়, বরং আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। তিনি আরও বলেন, “আয়ুর্বেদ আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা সম্ভব। তাই এই পদ্ধতি সম্পর্কে মানুষকে জানানো অত্যন্ত প্রয়োজন।”

শিবিরের সার্বিক ব্যবস্থাপনায় এন এস এস-এর স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা রোগীদের নিবন্ধন, চিকিৎসকদের সহায়তা এবং শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করেন। তাদের আন্তরিক প্রচেষ্টায় শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়। এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কলেজের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *