৩১ জুলাই : কমনওয়েলথ গেমস ২০২৬-এ ওয়েটলিফটিংয়ে ভারতের সাফল্যের ধারা জারি রইল। রুপোর মেডেল দিয়ে এই বিভাগে যাত্রা শেষ হলো ভারতের। বৃহস্পতিবার মধ্যরাতে পুরুষদের ১১০ কেজি হেভিওয়েট বিভাগে রুপো জিতেছেন লভপ্রীত সিং। তবে মাত্র ১ কেজি ওজন কম তোলায় হাতছাড়া হয়েছে সোনা। তাই পদক জিতেও হতাশ লভপ্রীত। সেই আক্ষেপ লুকোলেন না তিনি। বরং প্রতিশ্রুতি দিলেন, ভবিষ্যতে আরও ভালো ভাবে কামব্যাক করার।
পদক জয়ের পরে ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন লভপ্রীত। সোনা জিততে না পারার হতাশার কথা যেমন বলেন, তেমনই পদক উৎসর্গ করেছেন অনেককে।
পাঞ্জাবি এই ওয়েটলিফটার বলেন, ‘সোনার পদক জিততে পারিনি। স্বাভাবিক ভাবেই কষ্ট হচ্ছে। আগামী প্রতিযোগিতাগুলোতে, বিশেষ করে এশিয়ান গেমসে আরও ভালো করার চেষ্টা করব। আমার এই পদক কোচ বিজয় শর্মা, ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের সহদেব স্যর, ভারত সরকার এবং ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন বিজয় কুমারকে উৎসর্গ করছি। ওঁরা প্রত্যেকেই আমাকে ভীষণ সমর্থন করেছেন। সবাইকে ধন্যবাদ জানাই।’



