দুর্দান্ত লড়াইয়ের পর টাইব্রেকারে জয়ী রাজনগর

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ৫-৩ গোলে জয় ছিনিয়ে নিল আয়ান এফসি রাজনগর। কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচে ফাইভ স্টার ক্লাব শিলডুবিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছল রাজনগর। শুক্রবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। ম্যাচের ৮ মিনিটে সঞ্জীবের গোলে এগিয়ে যায় ফাইভ স্টার ক্লাব শিলডুবি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। খেলার ১২ মিনিটে ফাইজুর গোলের সুবাদে সমতায় ফেরে আয়ান এফসি রাজনগর। এরপর দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও নির্ধারিত সময়ে আর কোনও গোল হয়নি।

শেষে টাইব্রেকারে  ৫-৩ গোলে জয় তুলে নেয় আয়ান এফসি রাজনগর। দলের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গোলরক্ষক ইডেন রংমাই। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাঁকেই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।

ম্যাচ শেষে আয়োজক কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির সম্পাদক দিবর হোসেন লস্কর এবং সহ-সভাপতি জাকির আহমদ লস্কর ইডেন রংমাইয়ের হাতে পুরস্কার তুলে দেন। ম্যাচ পরিচালনা করেন ইজাজ লস্কর, শামিম বড়ভূইয়া ও জাফর বড়ভূইয়া। আগামীকাল ভুবনহীলের মুখোমুখি হবে শিলকুড়ি চা বাগান দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *