বিপ্লবী অসিত ভট্টাচার্যকে স্মরণ বরাকবঙ্গের

Spread the news

বরাক তরঙ্গ, ৩ জুলাই : বরাক-সুরমা অঞ্চলের প্রাণদণ্ডে দণ্ডিত একমাত্র স্বাধীনতা বিপ্লবী অসিত ভট্টাচার্যকে স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি। বৃহস্পতিবার সকালে গান্ধীবাগে গিয়ে এই স্বাধীনতা-শহিদের প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের তিন স্তরের কর্মকর্তাগণ।

জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর বিপ্লবী অসিত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর স্মৃতি রক্ষার্থে শিলচর গান্ধীবাগে আবক্ষমূর্তিটি স্থাপন করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন জ্যোতির্ময় সেন, সরোজকুমার দাস, মহীতোষ পুরকায়স্থ সহ গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সদস্যরা। কিন্তু মূর্তি থাকার  পরেও আমরা তাঁর স্মৃতি ধরে রাখতে পারছি না। গান্ধীবাগে বিভিন্ন বয়সের মানুষ এলেও কেউ মূর্তি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন না।

কেন্দ্রীয় সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এই সঙ্কট নিরসনে বিপ্লবীদের সম্পর্কে বেশি করে লেখালেখি করতে সকলকে পরামর্শ দেন। পুস্তিকা প্রকাশের কথাও বলেন তিনি।

জেলা সমিতির সম্পাদক উত্তমকুমার সাহা বলেন, বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল ১৯ বছর বয়সে। ঠিক একই বয়সে সিলেট জেলে ফাঁসিতে শহিদত্ব বরণ করেন অসিত ভট্টাচার্য। ক্ষুদিরাম বসু এবং অসমের শহিদ  কুশল কোঁয়রকে মনে রাখলেও অসিত ভট্টাচার্যকে আমরা তাঁর উপযুক্ত সম্মান দিতে পারছি না। অথচ স্বাধীনতা সংগ্রামে এই ভট্টাচার্য পরিবারের আত্মত্যাগ অন্য অনেকের চেয়ে বেশি। শুধু অসিত ভট্টাচার্যই নন, তাঁর দাদা বিধুভূষণ ভট্টাচার্যও স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে ব্রিটিশ পুলিশের গুলিতে শহিদ হয়েছিলেন।  এইসব কথা আজকাল আর চর্চায় আসে না বলে তিনি আক্ষেপ ব্যক্ত করেন।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির কার্যনির্বাহী সদস্য সীমান্ত ভট্টাচার্য, জেলা সমিতির কোষাধ্যক্ষ বকুল চন্দ্র নাথ, কার্যনির্বাহী সদস্য অমিতাভ পাল, শিলচর আঞ্চলিক সমিতির সম্পাদক সুশান্ত কুমার সেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *