কিশোর নাথের উদ্যোগে ভাঙ্গারপারে জলাবদ্ধতা নিরসনে নালা উন্মুক্ত, স্বস্তিতে এলাকাবাসী

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৭ জুলাই :
দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অবসানে বড়খলা বিধানসভার ভাঙ্গারপার এলাকায় উদ্যোগ নিলেন বিধায়ক কিশোর নাথ। তাঁর নির্দেশে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা জল নিষ্কাশনের নালা উন্মুক্ত করা হয়েছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, কালাইন–শিলচর সড়কের পাশের জল নিষ্কাশনের নালা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই ভাঙ্গারপার এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। এর ফলে বিস্তীর্ণ কৃষিজমি, বহু বসতবাড়ি এবং ভাঙ্গারপার পুলিশ ফাঁড়ি পর্যন্ত পানিতে প্লাবিত হয়ে পড়ত। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও চরম দুর্ভোগের মুখে পড়ে। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয়রা বিধায়ক কিশোর নাথের দ্বারস্থ হলে, তিনি বর্তমানে বাজেট অধিবেশনে ব্যস্ত থাকা সত্ত্বেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছে প্রতিনিধিরা বন্ধ নালাটি উন্মুক্ত করেন। ফলে স্বাভাবিক হয় বৃষ্টির জল নিষ্কাশনের পথ।

এদিন বিধায়কের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অমল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গারপার জিপির সভানেত্রীর প্রতিনিধি ইমরান হোসেন বড়ভুইয়া, চান্দপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি মঈন উদ্দিন লস্কর, ভুবনেশ্বর নগর জিপির সহ-সভানেত্রীর প্রতিনিধি ও বিজেপির সংখ্যালঘু নেতা আফতার হোসেন লস্কর, বিজেপি নেতা বেনুভূষণ নাথ, শ্রীকোণা মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক অমরেশ নাথ এবং গ্রুপ সদস্য রাজুল হোসেন বড়ভূইয়া।

নালা উন্মুক্ত হওয়ার পর এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বস্তি ফিরে এসেছে বাসিন্দাদের মধ্যে। তাদের আশা, ভবিষ্যতে সামান্য বৃষ্টিতেই যে জলাবদ্ধতার সৃষ্টি হতো, তা অনেকটাই কমে আসবে এবং কৃষিজমি ও বসতবাড়ি ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

তবে স্থানীয়দের দাবি, সমস্যার স্থায়ী সমাধানের জন্য নালা ও জল নিষ্কাশন ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পরিকল্পিত সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *