১১ অক্টোবর পূর্ণচন্দ্র পাল স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিলচরে

Spread the news

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : শিল্পচর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ গড়ে তুলতে আগামী ১১ অক্টোবর আয়োজন করা হয়েছে ‘পূর্ণচন্দ্র পাল স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা’র। খোঁজ শিলচরের উদ্যোগে এবং সমাজবান্ধব আর্ট অ্যাকাডেমির সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার বিষয় রাখা হয়েছে ‘দুর্গাপূজার মহালয়া’ অথবা ‘দুর্গার মুখ’। সকাল সাড়ে ১০টায় হাজি কেরামত উল্লাহ পাঠশালায় অবস্থিত সমাজবান্ধব আর্ট অ্যাকাডেমি স্কুলে প্রতিযোগিতা শুরু হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনও প্রবেশমূল্য দিতে হবে না।

বয়স ও শ্রেণি অনুযায়ী প্রতিযোগীদের তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে নার্সারি থেকে প্রথম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা অংশ নিতে পারবে। গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় থেকে ষষ্ঠ শ্রেণি এবং গ্রুপ ‘সি’-তে সপ্তম শ্রেণি ও তার ঊর্ধ্বের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। তবে সংশ্লিষ্ট গ্রুপের নির্ধারিত শ্রেণির শিক্ষার্থীরাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বলে জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য খোঁজের সম্পাদক সজল লস্কর বলেন, ছবি আঁকার মতো সৃজনশীল মাধ্যমের সাহায্যে শিশু-কিশোরদের মধ্যে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের সঙ্গে পরিচয় আরও গভীর করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তাঁর আহ্বান, শিল্পের মাধ্যমে নিজেদের সংস্কৃতিকে জীবন্ত করে তুলতে সকলেই এগিয়ে আসুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *