বরাক তরঙ্গ, ৩ আগস্ট : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসমের মানুষের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। সোমবার শিবসাগর জেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে জরুরি খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। পাশাপাশি দেশবাসীর প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মানবিক সংস্থা গ্লোবাল শিখস-এর উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ত্রাণ অভিযানে অংশ নিয়ে হুডা শিবসাগরের নিমাইজান এলাকার দুর্গত পরিবারের মধ্যে শুকনো খাবার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে শিবসাগর রেলস্টেশনে আশ্রয় নেওয়া বন্যায় বাস্তুচ্যুত মানুষের জন্য আয়োজিত লঙ্গরে স্বেচ্ছাসেবকদের সঙ্গে খাবার পরিবেশনেও অংশ নেন।
ত্রাণ কার্যক্রম চলাকালীন রণদীপ হুডা বলেন, দীর্ঘদিন ধরে বন্যার জল জমে থাকলে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠবে। জল নেমে যাওয়ার পরও কাদা, স্বাস্থ্যঝুঁকি এবং নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে দুর্গত মানুষকে। তিনি জানান, গ্লোবাল শিখস ইতোমধ্যেই ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয়তা চিহ্নিত করেছে। সংস্থার কাছে পর্যাপ্ত শুকনো খাদ্য মজুত থাকায় বর্তমানে অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে।
তিনি আরও বলেন, বন্যার কয়েকদিন পেরিয়ে গেলেও বহু পরিবার এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তাই শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও সহায়তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ত্রাণ বিতরণের আগে রণদীপ হুডা শিবসাগরের গুরুদ্বার সাহিবে গিয়ে বন্যাদুর্গত মানুষের সুস্থতা ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন। এরপর স্বেচ্ছাসেবকদের সঙ্গে সরাসরি ত্রাণ বিতরণে অংশ নেন।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, “যার যতটুকু সামর্থ্য রয়েছে, সেই অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো উচিত। এই দুর্যোগ মোকাবিলায় সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”
উল্লেখ্য, সাম্প্রতিক ভয়াবহ বন্যার ধাক্কা থেকে এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি অসম। সরকারি সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে পৌঁছেছে। এখনও রাজ্যের পাঁচটি জেলার ১ লক্ষ ৩৬ হাজারেরও বেশি মানুষ বন্যার প্রভাবে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন।



