বরাক তরঙ্গ, তরঙ্গ, ২৬ মে : মেঘালয় পুলিশের এক আধিকারিকের নাম ব্যবহার করে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে অনলাইনে প্রতারণার অভিযোগে রাজস্থানের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রি-ভোই জেলা পুলিশ। ধৃত ব্যক্তির নাম জাহুল আলি। তিনি রাজস্থানের আলওয়ার জেলার কাকরালি মেও গ্রামের বাসিন্দা ফারুখ খানের পুত্র। রি-ভোই পুলিশের দীর্ঘ তদন্তের পর গত ২৩ মে জয়পুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারণার শিকার হওয়া কয়েকজন ব্যক্তি নংপো থানায় অভিযোগ দায়ের করার পর বিষয়টি সামনে আসে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে উঠে আসে, অভিযুক্ত ব্যক্তি মেঘালয়ের ওয়েস্টার্ন রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অব পুলিশ Vivekanand Singh Rathore-এর নাম ব্যবহার করে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছিল। ওই ভুয়া পরিচয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছিল বলে অভিযোগ।
এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা।



