বরাক তরঙ্গ, ৫ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরজ আলি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে এম এস সোনাইকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠল রামনগর। ম্যাচের প্রথমার্ধের ৫ মিনিটে জয়সন রামনগরের হয়ে প্রথম গোলটি করেন। এরপর ৩৪ মিনিটে ববি দলের হয়ে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে এম এস সোনাইয়ের হয়ে একমাত্র গোলটি করেন মার্টিন। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে রামনগর। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রামনগরের জয়সন। ধলাইয়ের সীতাংশু দাস তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

অন্যদিকে, এম এস সোনাইয়ের মার্টিন ‘বেস্ট লিংকম্যান’ পুরস্কার লাভ করেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বাঁশকান্দির এপি সভাপতির প্রতিনিধি সামসুল আলম বড়ভূইয়া।
আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। ওই ম্যাচে উত্তর কৃষ্ণপুর মুখোমুখি হবে স্বাধীন ওয়াইজিপির।
ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুল মাজিদ চৌধুরী, নাসরুল আলম, আবু আব্বাস এবং রাকিব আহমদ।



