মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা, হৃদরোগ প্রতিরোধে মানুষকে সচেতন করা এবং মানবসেবার মহান লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘ ২৭ বছর ধরে কাজ করে চলেছে হৃদরোগ পরিচর্যা সমিতি, অসম (Heart Care Society of Assam)। বুধবার, ৪ নভেম্বর সংগঠনটির ২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সমিতির সভাপতি ডাঃ নির্মল কান্তি ভট্টাচার্য।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় ডাঃ ভট্টাচার্য বলেন, ৪ নভেম্বর সংগঠনের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। দীর্ঘ ২৭ বছরের পথচলায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যেক সদস্যের নিষ্ঠা, আন্তরিকতা, অবদান ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যবদ্ধ মনোভাবের ফলেই সংগঠনের এই যাত্রা সাফল্যমণ্ডিত হয়েছে।

তিনি সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচিকে আরও বিস্তৃত ও কার্যকর করে তোলার আহ্বান জানান। তাঁর মতে, হৃদরোগের ঝুঁকি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া আগামী দিনের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত।
সভাপতি আরও বলেন, শুধু হৃদরোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি নয়, সমাজের সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতেও সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানবসেবার আদর্শকে সামনে রেখে মানুষের জীবন সুরক্ষার এই মহৎ প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

প্রতিষ্ঠা দিবসের বার্তায় তাঁর বিশেষ আবেদন, প্রতিটি হৃদস্পন্দনকে অর্থবহ করে তুলতে এবং মানুষের জীবন সুরক্ষিত রাখতে হৃদয়ের যত্ন নেওয়ার বার্তা সমাজের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে হবে।
উল্লেখ্য, ‘হৃদয়ের যত্ন, জীবনের সুরক্ষা’—এই মানবিক অঙ্গীকারকে পাথেয় করে আগামী দিনেও হৃদরোগ সচেতনতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা ও মানবসেবার ক্ষেত্রে হৃদরোগ পরিচর্যা সমিতি, অসম আরও সুদৃঢ় ও গতিশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সভাপতি ডাঃ নির্মল কান্তি ভট্টাচার্য।



