২৩ মে : ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে কাতার। যুদ্ধবিরতি স্থায়ী করা এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে একটি সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা নিশ্চিত করার লক্ষ্যে কাতারের একটি আলোচক দল শুক্রবার তেহরানে পৌঁছেছে বলে জানিয়েছে রয়টার্স।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই কাতারের প্রতিনিধিদল ইরানে গেছে। তাদের মূল লক্ষ্য হলো চলমান সংঘাতের অবসান ঘটানো এবং দুই পক্ষের মধ্যে এখনো অমীমাংসিত থেকে যাওয়া গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধানের পথ খুঁজে বের করা।
তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গাজা যুদ্ধ, আফগানিস্তান সংকট এবং যুক্তরাষ্ট্র-ইরান বন্দি বিনিময়সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মধ্যস্থতাকারী হিসেবে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দোহা। তবে সাম্প্রতিক ইরান-সংকটে কাতার শুরুতে সরাসরি সম্পৃক্ত হতে সতর্ক অবস্থানে ছিল। কারণ, আঞ্চলিক উত্তেজনার মধ্যে কাতারও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির মুখে পড়েছিল বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।



