শিলচর বড় মসজিদ কমিটির সংবর্ধনা
বরাক তরঙ্গ, ৭ মে : জনগণের সমর্থন ও কর্মীদের অকুণ্ঠ সহযোগিতাকেই নিজের রাজনৈতিক শক্তির মূল ভিত্তি বলে উল্লেখ করলেন সোনাই বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা শিলচর বড় মসজিদ পরিচালন কমিটির সভাপতি আমিনুল হক লস্কর। বুধবার মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নানা প্রতিকূলতা ও ঘাত-প্রতিঘাতের মধ্যেও সাধারণ মানুষের দোয়া ও সমর্থনই তাঁকে বিজয়ের মুখ দেখিয়েছে।
তিনি জানান, জাতীয় কংগ্রেসের মনোনয়ন পেলেও নির্বাচনী লড়াই মোটেও সহজ ছিল না। দলের বহু নেতা পাশে না থাকলেও সাধারণ কর্মী ও আমজনতার সমর্থনেই তিনি বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। আমিনুল হক লস্কর স্পষ্ট ভাষায় বলেন, “সোনাইয়ের মানুষের প্রয়োজনে তাঁদের পায়ে ধরতেও প্রস্তুত আছি, কিন্তু নেতাদের তোষামোদ করব না।”
বিধায়ক হিসেবে দায়িত্ব পালনকালে বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সবার পরামর্শ নিয়ে বিধানসভায় তুলে ধরার আশ্বাসও দেন তিনি। এদিন মসজিদ কমিটির পক্ষ থেকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মসজিদ কমিটির উপদেষ্টা মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক লুৎফুর রহমান লস্কর এবং অসম সরকারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব হোসেন আহমদ লস্কর নবনির্বাচিত বিধায়ককে ব্যতিক্রমী ও দৃঢ়চেতা নেতা হিসেবে অভিহিত করেন।
এছাড়া সহ-সভাপতি তথা দৈনিক সাময়িক প্রসঙ্গ-এর সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাব্বির আহমদ চৌধুরী ও প্রবীণ সমাজকর্মী জালাল উদ্দিন মজুমদার বলেন, জনতার প্রত্যাশা পূরণে স্রোতের বিপরীতে গিয়েও আমিনুল হক লস্কর মানুষের আশীর্বাদে জয়ী হয়েছেন। ভবিষ্যতেও তিনি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট থাকবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।
মসজিদ কমিটির সহকারী সম্পাদক আক্তার হোসেন লস্কর বরাক উপত্যকার মুসলিম বুদ্ধিজীবীদের আমিনুল হক লস্করের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মিলন উদ্দিন লস্কর। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই আলহাজ আমিনুল হক লস্কর গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। আল্লাহতালা যেন তাঁকে ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের তওফিক দান করেন।
তিনি আরও বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজের নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সম্পাদক শামিনুল হক বড়ভূইয়া, মহফুজুল বারী (মামুন), মাশুক আহমদ, সদস্য সফিকুর রহমান লস্কর, আহমদ হোসেন বড়ভূইয়া, মুজিবুর রহমান চৌধুরী, মুক্তাদির হোসেন বড়ভূইয়া, বদর উদ্দিন বড়ভূইয়া প্রমুখ।



