বরাক তরঙ্গ, ১৫ মে : কালাইন কলেজ রোডে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শুক্রবার তিনি সার্কল অফিসার ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এলাকার বিভিন্ন জলাবদ্ধ অংশ পরিদর্শন করেন। জানা গেছে, ২০২৩ সাল থেকে জলনিকাশির পথ বন্ধ হয়ে থাকায় প্রতি বর্ষাতেই এলাকাজুড়ে ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যাসদৃশ পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ত এবং বহু বাড়িঘরে জল ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠত। একাধিকবার অভিযোগ জানানোর পরও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল।

এদিন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করে অবরুদ্ধ জলনিকাশির পথ দ্রুত পরিষ্কার করার নির্দেশ দেন। তিনি বলেন, “জনসাধারণের দুর্ভোগ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। মানুষের দাবি ও সমস্যার সঙ্গে কোনও আপস নয়। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং খুব দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, এলাকাবাসীর নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। জলনিকাশি ব্যবস্থাকে কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকেও সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের উপস্থিতিতে অবরুদ্ধ অংশ পরিষ্কারের কাজ শুরু হতেই স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, বহুদিনের এই সমস্যার এবার স্থায়ী সমাধান হবে এবং বর্ষাকালে আর দুর্ভোগ পোহাতে হবে না।

বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ স্পষ্টভাবে জানান, “জনসাধারণের সুবিধা ও নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় পাশে থাকবে এবং এই বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।”
এ দিকে, জলনিষ্কাশনের জন্য বাঁধ কাটতে কিছুটা উত্তেজনা দেখা দেয়। তবে বেশীদুর গড়ায়নি।



