শমীন্দ্ৰ পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইন থানাধীন কুরকুরি চা বাগানের আয়লাথল এলাকায় প্রকাশ্যে রমরমিয়ে চলছে ঝান্ডি-মুন্ডার জুয়ার আসর। অভিযোগ, গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই আসর ১৪ নভেম্বর গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল। শুক্রবার রাতের পর, ফের শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকেই সেখানে কয়েকশ মানুষের সমাগম ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আয়লাথল চা বাগানের নাচ মণ্ডপ থেকে মাত্র ৩০-৪০ মিটার দূরে পিএইচই-র পাশে চা গাছের আড়ালে বসানো হয়েছিল এই জুয়ার আসর। অভিযোগ, অপ্রাপ্তবয়স্কদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষও এতে অংশ নেন।
সবচেয়ে উদ্বেগের বিষয়, শনিবার রাতেই বিষয়টি ওয়াটসআপের মাধ্যমে কালাইন পুলিশকে অবগত করেছেন একাংশ সাংবাদিক। তা সত্ত্বেও জুয়ার আসর বন্ধে পুলিশের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয়দের দাবি, মাঝেমধ্যে অভিযান চালিয়েই দায়িত্ব শেষ করলে চলবে না। এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করতে প্রয়োজন নিয়মিত পুলিশি নজরদারি ও কার্যকর ব্যবস্থা।
এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন – পুলিশ প্রশাসনকে অবগত করার পরও কেন বন্ধ হচ্ছে না আয়লাথলের এই জুয়ার আসর?

এদিকে, একই স্থানে গত বছরও জুয়ার আসর বসেছিল বলে দাবি স্থানীয়দের। দীর্ঘদিন ধরে চলা এই জুয়ার আসরের প্রভাবে যুবসমাজ বিপথে পরিচালিত হচ্ছে। জুয়ার নেশায় জড়িয়ে আর্থিক সংকটে পড়ছে একাধিক পরিবার। এমনটাই অভিযোগ এলাকাবাসীর। যুবসমাজকে জুয়ার কুপ্রভাব থেকে রক্ষা করতে এবং এলাকার সামাজিক পরিবেশ বজায় রাখতে কালাইন পুলিশ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



