জলাবদ্ধতা রুখতে কড়া প্রশাসন, অবৈধ দখল ও নির্মাণ উচ্ছেদের নির্দেশ শ্রীভূমি জেলা প্রশাসনের

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ মে : শ্রীভূমি জেলা ও শহরে জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ গ্রহণ করল জেলা প্রশাসন। প্রাকৃতিক জলনিকাশি ব্যবস্থা, জাতীয় ও রাজ্য সড়ক, পিডব্লিউডি রাস্তা, সরকারি খাস জমি এবং খাল সংলগ্ন ফুটপাত-কাম-ড্রেনের উপর গড়ে ওঠা সমস্ত অবৈধ দখল, বাধা ও নির্মাণ অবিলম্বে অপসারণের নির্দেশ জারি করেছেন জেলা কমিশনার তথা জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান। শুক্রবার জারি হওয়া এক সরকারি আদেশে সংশ্লিষ্ট সার্কল আধিকারিকদের পাশাপাশি পৌরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ, পূর্ত সড়ক বিভাগ, এনএইচআইডিসিএল, জলসম্পদ বিভাগ এবং টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের দাবি, জাতীয় সড়ক, রাজ্য সড়ক, সরকারি জমি ও খালের পাশের ড্রেন এবং নালাগুলিতে অবৈধ দখল ও নির্মাণের কারণেই জেলার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই কারণে সমস্ত অবৈধ নির্মাণ, প্রতিবন্ধকতা ও দখল অবিলম্বে পরিষ্কার বা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযান শুরুর আগে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষকে আগাম নোটিশ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
এছাড়াও প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, উচ্ছেদ অভিযানে বাধা সৃষ্টি করলে তা সরকারি কাজে হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে এবং প্রযোজ্য আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩০, ৩৪, ৪১ ও ৫১ ধারার অধীনে জনস্বার্থে এই নির্দেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। বর্ষাকালে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতেই আগাম এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধ পরিস্থিতিতে এসডিআরএফ এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। দিনভর অভিযানে মোট ২৭৬ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ১৬টি পশুও রয়েছে। বদরপুর ও শ্রীভূমি ফায়ার স্টেশনের অধীনে জেলার বিভিন্ন জলমগ্ন এলাকায় এই উদ্ধারকাজ পরিচালিত হয়। বদরপুর এলাকায় মোট ২১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দেবেন্দ্র নগর থেকে ২৬ জন, বদরপুর হাসপাতাল এলাকা থেকে ২৩ জন, বদরপুর টাউনের ১০ নম্বর ওয়ার্ড থেকে ১৮ জন, রিটায়ার্ড কলোনি থেকে ৩৮ জন, পশ্চিম কালীবাড়ি থেকে ৩৩ জন, খাদিমান এলাকা থেকে ২৯ জন, ট্রাফিক কলোনি থেকে ২২ জন, নেতাজি নগর থেকে ১৮ জন এবং নেতাজি পল্লি থেকে ১০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ছিলেন ৮৪ জন পুরুষ, ৮১ জন মহিলা, ৩৯ জন শিশু এবং ১৩টি পশু।

অন্যদিকে, শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোড ও রায়নগর এলাকায় অভিযান চালিয়ে মোট ৫৯ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ব্রজেন্দ্র রোড থেকে ৫৭ জন এবং রায়নগর থেকে ২ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ছিলেন ১৫ জন পুরুষ, ৩৪ জন মহিলা, ৭ জন শিশু এবং ৩টি সারমেয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রবল বর্ষণের জেরে জেলার নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে। খবর পেয়ে এসডিআরএফ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জলবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *