বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় (কেকেএইচএসওইউ)-র রাধামাধব কলেজ স্টাডি সেন্টারের জুলাই ২০২৬ সেশনের নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে একটি ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ১৪ নভেম্বর শনিবার। এদিন কলেজের ডিজিটাল ক্লাসরুমে বেলা আড়াইটা থেকে অনুষ্ঠিত এই ইন্ডাকশন প্রোগ্রামে স্নাতক, স্নাতকোত্তর এবং ডিপ্লোমা কোর্সের নবাগত ছাত্র-ছত্রীদের আনুষ্ঠিকভাবে স্বাগত জানানো হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা রাধামাধব কলজে স্টাডি সেন্টারের ইনচার্জ ড০ অরুন্ধতী দত্তচৌধুরী পৌরোহিত্যে অনুষ্ঠিত এই প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্স, পাঠক্রম, পরীক্ষাপদ্ধতি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করানো হয়।
এদিন স্বাগত বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ ড. দত্তচৌধুরী বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা এবং দূরশিক্ষার বিভিন্ন সুবিধার দিক তুলে ধরেন। রাধামাধব কলেজের স্টাডি সেন্টারের প্রতি শনিবার ও রবিবার অফলাইনে ক্লাস এবং লাইব্রেরি ব্যবহারের সুবিধা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করান। কলেজের উপাধ্যক্ষ ড০ রাহুল চক্রবর্তী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে দূরশিক্ষা সম্পর্কে আলোচনার পাশাপাশি বর্তমান সময়ে এর গুরুত্ব সম্পর্কেও আলোচনা করেন। রাধামাধব কলেজ স্টাডি সেন্টারে ডিজিটাল ক্লাসরুমে আধুনিক প্রযুক্তির সাহায্যে পাঠদান করার প্রক্রিয়া সম্পর্কেও তিনি ছাত্র-ছাত্রীদের অবগত করান। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন যে, এই বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেটের মান অন্যান্য যে কোনো নিয়মিত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেটের সমান। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অনেকেই নেট-জেআরএফ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন জায়গায় চাকুরী করছেন।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কালীপদ দাস বলেন, প্রাচীন যুগেও যে দূরশিক্ষার প্রথা প্রচলিত ছিল তার উদাহরণ মহাভারতের একলব্য। একলব্য যেমন দূরশিক্ষার মাধ্যমে ধনুর্বিদ্যায় পারদর্শী হয়েছিলেন সে রকম আধুনিক যুগেও শিক্ষার্থীরাও দূরশিক্ষার মাধ্যমেও পারদর্শী হতে পারবেন। তার জন্য চাই অধ্যবসায় আর স্টাডি সেন্টারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমার্স বিভাগের ড. আশীষতরু রায়। উল্লেখ্য, রাধামাধব কলেজ স্টাডি সেন্টারে এ বছর থেকে কমার্স এবং ফিলোসপি বিভাগে এমএ কোর্স চালু হয়েছে। কেকেএইচএসওইউ –এর ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করান স্টাডি সেন্টারের অফিস অ্যাসিস্ট্যান্ট উজ্জ্বল কর্মাকার। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করেন রাধামাধব কলেজ স্টাডি সেন্টারের কো-অর্ডিনেটর ড. সূর্যসেন দেব।



