১ নভেম্বর : শনিবারই প্রকাশিত হয়েছে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য আম আদমি পার্টি (AAP)-র প্রথম প্রার্থী তালিকা। তার পরের দিনেই বড় ধাক্কা খেল পাঞ্জাবের শাসক দল। পদত্যাগ করলেন আম আদমি পার্টির দুই বিধায়ক। শুধু মাত্র বিধানসভা থেকেই নয়, আম আদমি পার্টির প্রাথমিক সদস্যপদও ছেড়েছেন হরমিত সিং পাঠানমাজরা এবং চেতন সিং জৌড়ামাজরা। সানৌর আসনের বিধায়ক ছিলেন হরমিত সিং পাঠানমাজরা। আর সামানা কেন্দ্রের বিধায়ক ছিলেন চেতন সিং জৌড়ামাজরা। রবিবার দল ছাড়ার কথা ঘোষণা করার সঙ্গেই আম আদমি পার্টি এবং দলের নেতা অরিবন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তাঁরা।

আগামী বছরেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন। এখন থেকেই ওই ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে আপ (AAP)। শনিবারই, ১১৭টি আসন বিশিষ্ট পাঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রথম দফার তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টি। শুক্রবার, দিল্লিতে, আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে, প্রার্থী বাছাই নিয়ে বৈঠক হয়। দলের রাজনৈতিক বিষয়ক কমিটির অনুমোদনের পর শনিবার ঘোষণা করা হয় ৪০ জনের নাম। তাঁদের ৩৭ জনই বর্তমান বিধায়ক। ধুরি কেন্দ্র থেকেই ফের প্রার্থী করা হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে।

তবে এই তালিকায় সানৌর (Sanaur) এবং সামানা কেন্দ্রর প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এরই মধ্যে, রবিবার দল ছাড়ার কথা ঘোষণা করেছেন ওই দুই কেন্দ্রে বিধায়ক। অরিবন্দ কেজরিওয়ালের কাছেও প্রাথমিক সদস্যপদ ছাড়তে চেয়ে ইস্তফাপত্র পাঠিয়েছেন তাঁরা।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা এবং পরবর্তীকালে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা-সহ একাধিক বিষয় নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ দিন ধরেই সংঘাত চলছিল হরমীত সিংহ পাঠানমাজরার (Harmeet Singh Pathanmajra)। এর জেরেই তিনি দল ছেড়েছেন কী না তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
খবর : এইসময় অনলাইন।



