অচেনা ফোনকলের ফাঁদে প্রতারণা, রংপুরের বাসিন্দার অ্যাকাউন্ট থেকে উধাও ৬৪,৪৯৯ টাকা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : অচেনা মোবাইল কলের ফাঁদে পড়ে বড়সড় প্রতারণার শিকার হলেন রংপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আব্দুল করিম লস্কর। ফাস্ট ট্যাগ রিচার্জের নাম করে প্রতারক চক্র তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ৬৪,৪৯৯ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ।

জানা গেছে, গত ২৬ এপ্রিল দুপুরে ৯২৪২৪৭২৯৭৬ এবং ৭৭৭৮৮৭০২১১ নম্বর থেকে লস্করের মোবাইলে ফোন আসে। কলকারী নিজেকে ফাস্ট ট্যাগের কর্মকর্তা পরিচয় দিয়ে জরুরি ভিত্তিতে রিচার্জ করার কথা বলে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করা হলেও সেটিও দ্রুত বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপরই পরপর কয়েক দফায় তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৬৪,৪৯৯ টাকা কেটে নেওয়া হয়। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন আব্দুল করিম লস্কর।

প্রতারিত ব্যক্তি প্রথমে এইচডিএফসি ব্যাংকের স্থানীয় শাখায় গিয়ে বিষয়টি জানালেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁর অভিযোগকে গুরুত্ব দেয়নি বলে জানান। পরবর্তীতে তিনি জেলা পুলিশের দ্বারস্থ হয়ে দ্রুত তদন্ত ও অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন।

আব্দুল করিম লস্করের বক্তব্য, “আমি সাধারণ মানুষ। এই টাকা আমার কষ্টের উপার্জন। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নিয়ে আমার টাকা ফিরিয়ে দেয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *