অশ্বিনী মার্কেটে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Spread the news

বরাক তরঙ্গ, ১২ জুলাই : বাজার এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তি মনীন্দ্র সরকার বলে জানা যায়। ঘটনাটি সংঘটিত হয় ত্রিপুরার পশ্চিম জেলার অশ্বিনী মার্কেটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ এবং আমতলী মহকুমার এসডিপিও পারমিতা পাণ্ডে।
ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞ দল ও ডগ স্কোয়াডকে কাজে লাগানো হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত টিএসআর ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার নমিত পাঠক সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। মৃতদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। তদন্তের স্বার্থে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ এবং ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *