দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : বাংলা চলচ্চিত্র ও সঙ্গীতজগতের কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে শিলচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শিলচর কিশোর কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত শিল্পীর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ক্লাবের সদস্যরা। পাশাপাশি তাঁর আত্মার শান্তি কামনা করে প্রার্থনাও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সাময়িক ‘প্রসঙ্গ’–এর সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, শিলচর পুরসভার প্রাক্তন পুরপতি তমাল বনিক, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি উদয় শঙ্কর গোস্বামী, ক্রীড়া সংগঠক বাবুল হোড়, সাংস্কৃতিক কর্মী ভাস্কর দাস, সুজিত দাস, সুজন দত্তসহ বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন বক্তারা কিশোর কুমারের বর্ণাঢ্য শিল্পীজীবন, বহুমাত্রিক প্রতিভা এবং বাংলা-সহ বিভিন্ন ভাষার সঙ্গীত ও চলচ্চিত্রে তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করেন। তাঁর কালজয়ী গান আগামী প্রজন্মের কাছেও সমানভাবে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তাঁরা উল্লেখ করেন।



