বরাক তরঙ্গ, ১৮ মে : সাহিত্য, কবিতা ও সৃজনশীল লেখনীর মাধ্যমে ইতিমধ্যেই রাজ্য ও জাতীয় স্তরে বিশেষ পরিচিতি অর্জন করেছেন শিলচরের তরুণ কবি অগ্নিক ধর। তাঁর অসামান্য সাহিত্যচর্চা, একাধিক সম্মাননা অর্জন এবং সমাজের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে “যুব দর্পণ এক্সিলেন্ট পুরস্কার ২০২৬”-এর জন্য মনোনীত করা হয়েছে।
শিলচরের আরআর সোম রোডের বাসিন্দা অগ্নিক ধর এর আগেও India Book of Records-এ স্থান লাভ করে সমগ্র বরাকবাসীর গর্ব বাড়িয়েছেন। পাশাপাশি তিনি রবীন্দ্রনাথ ঠাকুর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ভারতশ্রী জাতীয় পুরস্কার, ভিশনারি অ্যাওয়ার্ড সহ একাধিক সাহিত্য সম্মানে ভূষিত হয়েছেন।
কলকাতার আন্তর্জাতিক বইমেলায় তাঁর লেখা কবিতার বই প্রকাশিত হওয়ার পর সাহিত্য জগতে তিনি একজন প্রতিশ্রুতিশীল কবি হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন। সাহিত্যচর্চার পাশাপাশি সমাজ ও সংস্কৃতিমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চায় উৎসাহিত করতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
“যুব দর্পণ এক্সিলেন্ট পুরস্কার ২০২৬”-এর জন্য মনোনীত হওয়ার খবরে সাহিত্য মহল, শুভানুধ্যায়ী ও বন্ধুদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।



