রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ মে : রসায়নবিদ ও ওষুধ বিক্রেতাদের অন্যতম বৃহৎ সংগঠন All India Organisation of Chemists and Druggists এর ডাকা দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক প্রভাব পড়েছে শিলচরেও।
সংগঠনের অভিযোগ, অবৈধ অনলাইন ই-ফার্মেসিগুলি জাল, নকল ও নিম্নমানের ওষুধ বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
AIOCD-র দাবি, অনলাইন ই-ফার্মেসির দ্রুত বিস্তার, অতিরিক্ত ছাড় দিয়ে অস্বাস্থ্যকর মূল্য প্রতিযোগিতা এবং বাজারে জাল ওষুধের ছড়িয়ে পড়ার প্রতিবাদেই এই দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই শহরের ওষুধের দোকান, ডিস্ট্রিবিউটরের দোকান সম্পূর্ণ বন্ধ থাকতে দেখা যায়।
জানা গেছে, ই-ফার্মেসির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, অবৈধভাবে অনলাইনে ওষুধ বিক্রি বন্ধ করা এবং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন ত্রুটি সংশোধনের দাবিতে দেশজুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে কেমিস্ট ও ড্রাগিস্ট সংগঠনগুলি। তাদের অভিযোগ, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনিয়ন্ত্রিতভাবে ওষুধ বিক্রি হওয়ায় প্রচলিত ওষুধ ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রোগীদের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ছে।
শিলচরের বিভিন্ন এলাকায় সকাল থেকে ওষুধের দোকান বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি পরিষেবাকে গুরুত্ব দিয়েই ধর্মঘট পালন করা হচ্ছে। অত্যাবশ্যকীয় ও জীবনদায়ী ওষুধের ঘাটতি যাতে না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছে অ্যাসোসিয়েশন। ধর্মঘটের জেরে শহরের স্বাস্থ্য পরিষেবার উপর সাময়িক প্রভাব পড়লেও দ্রুত সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন ব্যবসায়ীরা।



