১৯ নভেম্বর : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সৌদি রাজধানী রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-র প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে সামরিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনাপ্রধানও উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহেই এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধের জেরে কূটনৈতিক আলোচনা কার্যত থমকে রয়েছে।
অন্যদিকে, সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যেও উত্তেজনা ক্রমশ বাড়ছে। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিশানায় রয়েছে সৌদি আরবের জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো।

এমন এক অস্থির আঞ্চলিক পরিস্থিতিতে সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলা এবং দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।



