মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত জওয়ান ও তাঁদের পরিবারের পেনশন সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার মাসিমপুরে বিএসএফের মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ার সদর দপ্তরে অনুষ্ঠিত হয় বিশেষ পেনশন আদালত। পেনশন, পারিবারিক পেনশন এবং অবসরকালীন বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে পেনশনভোগীদের অভিযোগ সরাসরি শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
এদিনের পেনশন আদালতে সরাসরি উপস্থিত হয়ে নিজেদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন ৪৯ জন পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী। পাশাপাশি মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরও ৯ জন অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন। পেনশন আদালতের সভাপতিত্ব করেন বিএসএফের মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের ডিআইজি (পিএসও) হিদাম শুবোল সিংহ।
শুনানিতে পেনশন প্রদান, পেনশন কমিউটেশন, অনুমোদন, সংশোধন, পারিবারিক পেনশন এবং অবসর-পরবর্তী অন্যান্য সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট আধিকারিকদের সামনে সরাসরি অভিযোগ জানানোর পাশাপাশি সমস্যাগুলির বিষয়ে প্রয়োজনীয় নথিপত্রও পর্যালোচনা করা হয়।

বিএসএফ সূত্রে জানা গেছে, পেনশন আদালতে উত্থাপিত একাধিক সমস্যার তাৎক্ষণিক সমাধান করা সম্ভব হয়েছে। যেসব অভিযোগের ক্ষেত্রে আরও পরীক্ষা-নিরীক্ষা বা সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন প্রয়োজন, সেগুলি দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্যাগুলি সমাধানের নির্দেশও দেওয়া হয়েছে।
শুধু পেনশন সংক্রান্ত অভিযোগের শুনানিই নয়, পেনশনভোগী ও তাঁদের পরিবারের কল্যাণে এদিন সিপিসি ও চিকিৎসা সংক্রান্ত সহায়তার ব্যবস্থাও করা হয়। এর ফলে প্রবীণ পেনশনভোগীরা একই সঙ্গে প্রয়োজনীয় বিভিন্ন পরিষেবা পাওয়ার সুযোগ পান।
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, পেনশন আদালত প্রাক্তন সদস্য ও তাঁদের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধানের একটি কার্যকর মঞ্চ। ভবিষ্যতেও পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বিএসএফ।



