আমড়াঘাটে ফের উদ্ধার বিশাল আকৃতির কিং কোবরা, আতঙ্ক

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : ধলাই বিধানসভার পূর্ব ধলাইয়ের আমড়াঘাট এলাকায় ফের উদ্ধার হলো বিশাল আকৃতির একটি কিং কোবরা। প্রায় এক মাসের মধ্যে একই এলাকায় তৃতীয়বার কিং কোবরা উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল প্রায় ৩টা নাগাদ আমড়াঘাটের পাটবাড়ি এলাকায় রাজু প্রসাদ গোয়ালার বাড়িতে পরিবারের সদস্যরা বিশাল আকৃতির একটি সাপ দেখতে পান। পরে সেটি কিং কোবরা বলে ধারণা করা হলে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে সাপটি দেখতে ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ।

খবর দেওয়া হয় মণিয়ারখাল ফরেস্ট বিট কার্যালয়ে। খবর পেয়ে বিট অফিসার ত্রিকাল চক্রবর্তী দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে বনকর্মীদের তৎপরতায় সাপটি নিরাপদে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত দুই মাসে আমড়াঘাট এলাকায় অজগর ও কিং কোবরা-সহ প্রায় ৬–৭টি সাপ উদ্ধারের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একের পর এক বড় আকারের ও বিষধর সাপ লোকালয় এবং বসতবাড়ির আশপাশে দেখা দেওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, সাপের আনাগোনা রোধে বন দফতরের পক্ষ থেকে আরও নজরদারি ও সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *