যথাযোগ্য মর্যাদায় হাইলাকান্দিতে পালিত হলো দেশভক্তি দিবস

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই :
যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপনায় স্বাধীনতা সংগ্রামী দেশভক্ত তরুণরাম ফুকনের পুণ্যতিথি উপলক্ষে দেশভক্তি দিবস পালন করা হয়। এ উপলক্ষে জেলা আয়ুক্তের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনায় দেশভক্ত তরুণরাম ফুকনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করেন জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে। এছাড়া পুষ্পার্ঘ্য নিবেদন করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত মনসুর আহমদ, অন্তরা সেন ও মিনার্ভা দেবী, সহকারী আয়ুক্ত তথা নির্বাচন আধিকারিক কিষাণ চরই, সহকারী আয়ুক্ত অঙ্কিতা ছেত্রী ও প্রসেনজিৎ দে, ভারপ্রাপ্ত জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক তথা সহকারী আয়ুক্ত অনুস্রুত কাশ্যপ দাসসহ অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত চারজন বিশিষ্ট বক্তাকে সংবর্ধনা জানানো হয়। তাঁরা হলেন আলগাপুর এএল চৌধুরী কলেজের অধ্যক্ষ ড. বোধিসত্ত্ব, কাটলিছড়া এসকে রায় কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড. দেবজিৎ দে, হাইলাকান্দি এসএস কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. দেবাশিস গুহঠাকুরতা এবং সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক খইরদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক অনুস্রুত কাশ্যপ দাস। পরে আমন্ত্রিত বক্তারা দেশভক্ত তরুণ রাম ফুকনের কর্মময় জীবন, স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদান এবং দেশপ্রেমের আদর্শ তুলে ধরে নতুন প্রজন্মকে তাঁর জীবন থেকে শিক্ষা ও অনুপ্রেরণা গ্রহণের আহ্বান জানান।

আলোচনা সভায় প্রবীণ নাগরিক সুব্রত শর্মা মজুমদার, ডাঃ নারায়ণ দেবনাথ ও সুরজিৎ দেব নিজ নিজ বক্তব্যে দেশভক্ত তরুণ রাম ফুকনের আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন রঞ্জিত ঘোষ, ড. শতানন্দ ভট্টাচার্য, অনিন্দ্য কুমার নাথসহ অনেকে।

সভাপতির বক্তব্যে জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে দেশভক্ত তরুণ রাম ফুকনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে ধন্যবাদজ্ঞাপন করেন বিদ্যালয়সমূহের পরিদর্শক তাপস দত্ত।

জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শংকর চৌধুরী। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *