বরাক তরঙ্গ, ২৮ জুলাই : অসমে দুগ্ধ উৎপাদন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। রাজ্যে উৎপাদিত দুধ থেকে তৈরি বিভিন্ন দুগ্ধজাত পণ্য এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। মঙ্গলবার দিসপুরের লোকসেবা ভবন প্রাঙ্গণে অসম থেকে প্রথমবারের মতো ভুটানে ‘পূরবী’ ব্র্যান্ডের আইসক্রিম রপ্তানির সূচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “অসমে দুগ্ধ উৎপাদনে আমূল পরিবর্তন এসেছে। বর্তমানে প্রতিদিন প্রায় আড়াই লক্ষ লিটার দুধ থেকে বিভিন্ন দুগ্ধজাত পণ্য প্রস্তুত করা হচ্ছে। ‘পূরবী’র উদ্যোগে প্রথমবারের মতো অসমে উৎপাদিত দুধ থেকে তৈরি বিভিন্ন ধরনের আইসক্রিম বিদেশে রপ্তানি করা সম্ভব হয়েছে। এটি রাজ্যের জন্য এক ঐতিহাসিক দিন।” তিনি আরও জানান, ৫,৬২৭ লিটার দুধ ব্যবহার করে তৈরি বিভিন্ন ধরনের আইসক্রিম দুটি ট্রাকে করে ভুটানে পাঠানো হচ্ছে। আগামী দিনে ‘পূরবী’র অন্যান্য দুগ্ধজাত পণ্যও ভুটানে রপ্তানি করা হবে। পশ্চিম অসম দুধ উৎপাদক সমবায় সংঘ লিমিটেড (ওয়ামুল)-এর উৎপাদিত এই আইসক্রিম নর্থ ইস্ট ডেইরি অ্যান্ড ফুডস লিমিটেড (এনইডিএফএল)-এর সহযোগিতায় ভুটানে পাঠানো হচ্ছে।

এদিকে, মন্ত্রী কৌশিক রায় বলেন, “‘পূরবী’ আইসক্রিমের ভুটান রপ্তানি অসমের দুগ্ধ শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। প্রতিটি প্যাকেটই রাজ্যের কৃষকদের উৎপাদিত দুধ দিয়ে তৈরি। এর ফলে দুগ্ধচাষি ও সমবায় সমিতিগুলি সরাসরি লাভবান হবে।”
তিনি আরও বলেন, ভুটানের বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে ‘পূরবী’র পণ্যের পরিসর ক্রমশ বাড়ানো গেলে অসমের কৃষকরা আরও উপকৃত হবেন এবং দেশের দুগ্ধ শিল্পে অসমের অবস্থান আরও শক্তিশালী হবে।



