মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে ৪২ জনের হাতে চেক প্রদান পরিমলের

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : গরিব, দুঃস্থ ও আর্থিক সংকটে থাকা রোগীদের সহায়তায় আবারও উদ্যোগী হলেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বুধবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বড়খলা বিধানসভা এলাকার তাপাং ও বড়খলা মণ্ডলের ৪২ জন হিতাধিকারীর হাতে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন তিনি।

এই উপলক্ষে সাংসদ জানান, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মোট ৫ লক্ষ ২০ হাজার টাকার ৪২টি চেক মঞ্জুর করা হয়েছে। তিনি বলেন, এই তহবিলের মাধ্যমে ইতিমধ্যেই বহু দরিদ্র রোগী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রী উপকৃত হয়েছেন।

পরিমল শুক্লবৈদ্য আরও জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সহায়তা করার ক্ষেত্রে তিনি ভবিষ্যতেও সক্রিয় থাকবেন। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে শিলচর লোকসভা কেন্দ্রে উন্নয়নের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই এই উন্নয়ন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত কাছাড় জেলা বিজেপির সভাপতি রুপম সাহা বলেন, সাংসদের প্রচেষ্টাতেই এই চেকগুলি অনুমোদিত হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, অসমে আবারও বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন হবে এবং ড. হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। এর ফলে রাজ্যের উন্নয়ন আরও দ্রুতগতিতে এগোবে বলেও তিনি দাবি করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সম্পাদক সৌমিত্র কুমার দেব, কোষাধ্যক্ষ গোলাপ রায়, বড়খলা মণ্ডল বিজেপির সভাপতি পিনাক দাস এবং তাপাং মণ্ডলের সাধারণ সম্পাদক মৃণাল দাস-সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *